
নাজমুল হোসেন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার–এর উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১৫ মার্চ) বিকাল ৫টায় কসবা মহিলা মাদ্রাসা মাঠ–এ অনুষ্ঠিত এ মাহফিলে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সহস্রাধিক মুসল্লি ও স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাইদূর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, জেলা জামায়াতের যুব ও আইনবিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি জায়নুল আবেদিন, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়–এর সাবেক প্রধান শিক্ষক জহিরুল হক বিএসসি, আ. জব্বার, নজরুল ইসলাম রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সরকার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিজয়ী হতে না পারলেও সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
