বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রায়পুরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী): “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নরসিংদীর রায়পুরায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) রায়পুরা উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজীব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক, সাধারন সম্পাদক অজয় সাহা,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব ও পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত পরিবার ও সচেতনতা অপরিহার্য। আর এতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় প্রশংসিত কর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এই আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনার কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।