উখিয়ায় ‘আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে লাল পাহাড়ের গহীনে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গুলি ও মাইন তৈরির সরঞ্জামসহ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়ে র‌্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তার মো. উসমান, নেছার আহমদ ও মো. ইমান কক্সবাজার জেলার উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ও আরসার নানা দায়িত্বে রয়েছেন।

উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে অনুমানিক ৫ কিলোমিটার গহীনে আরসা ‘নিরাপদ আস্তানা’ তৈরি করেছে বলে খবর পায় র‌্যাব, এরপরই অভিযানের পরিকল্পনা হয়।  লাল পাহাড় ভয়ে সহজে কেউ যায় না বলে উল্লেখ করে র‌্যাব বলে, সেই পাহাড়ে দিনে অবস্থান করে রাতে ক্যাম্পে এসে নাশকতা, হত্যার মিশন বাস্তবায়ন করে আরসা।    

র‌্যাব দলটির অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, অভিযানে দেশি-বিদেশি ২২টি অস্ত্র, ৪টি মাইন, মাইন তৈরির সরঞ্জাম, একে-৪৭সহ বিভিন্ন অস্ত্রের ১শত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সাজ্জাদ বলেন, আরসার শীর্ষ গান কমান্ডার উসমান, মাইন তৈরিতে পারদর্শী নেছার ও গুলি চালাতে পারদর্শী ইমান। তিনজনই ক্যাম্পে হামলা করে বলে স্বীকার করেছে।

আরসা প্রধান আতাউল্লাহর নির্দেশে ক্যাম্পে গড়ে তোলা হয় ১২টি গান গ্রুপ, যারা ক্যাম্পে নাশকতা করছেন বলে জানায় র‌্যাব।

অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের পর এ ব্যাপারে মামলা করে গ্রেপ্তার তিনজনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সাজ্জাদ।

গত বছর কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলো থেকে মিয়ানমারের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আরসার ৮৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।