হাজীগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (প্রায় ৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ–সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ি যাওয়ার পথে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে হাজীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারের সময় ওই ব্যক্তির দুই হাত পেছনের দিকে স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। একইভাবে তাঁর পা ও মুখও বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ কোনো স্থানে নৈশপ্রহরীর কাজ করতেন। দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে হত্যা করে এখানে মরদেহ ফেলে গেছে।’

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।