ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা: উত্তাল পারস্য উপসাগর, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের বিরুদ্ধে তৃতীয় দফায় সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এই হামলার পর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) সাইপ্রাসের একটি কনটেইনার জাহাজে হামলা চালায়। সেন্টকমের দাবি, ওই হামলায় জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়, ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং একজন নাবিক নিখোঁজ হয়েছেন।

এই ঘটনার পর মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর খেসারত দিতে হবে।’

মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, গত ১৬ জুন স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্তাবলী ইরান অমান্য করায় এবং বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান চালানো হচ্ছে।

উপকূলীয় শহরগুলোতে ভয়াবহ বিস্ফোরণ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলার ফলে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলো কেঁপে উঠেছে। হরমুজগান প্রদেশের বন্দর নগরী জাস্কে নতুন করে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে; যেখানে এর আগে অন্তত ১০টি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।

এ ছাড়া বন্দর আব্বাস ও সিরিকে তিনটি করে মোট ছয়টি এবং চাবাহার বন্দর নগরীতে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে বুশেহর প্রদেশের বন্দর-ই-দেয়ার শহরে পাঁচটি ও আসালুয়েহ শহরে চারটিসহ ওই প্রদেশে অন্তত ১২টি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। খুজেস্তান ও বুশেহর প্রদেশের সীমান্তবর্তী ইমামজাদেহ শাহ আব্দুল্লাহ এলাকায়ও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের কোনো তথ্য নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন।

প্রতিরক্ষায় মরিয়া ইরান নতুন করে হামলার মুখে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, খুজেস্তান প্রদেশের উপকূলীয় শহর বন্দর-ই মাহশাহরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। যেকোনো সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সামরিক উত্তজনা পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহের ওপরও প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।