আরব আমিরাতে দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসব কেন্দ্রে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হয়।

পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার বলেন, তাঁদের প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় ৫০ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৮ জন নিয়মিত এবং ১২ জন অনিয়মিত পরীক্ষার্থী।

অন্যদিকে রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। এর মধ্যে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং একজন অনুপস্থিত ছিলেন বলে জানান বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগ এবং ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।