ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন ক্রাউন প্রিন্স শেখ হামদান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি : দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) পরিদর্শন করেছেন। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের কার্যক্রম ও যাত্রীসেবা ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘ ১২ বছর ধরে টানা বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে অবস্থান ধরে রেখেছে। এ সফরের মূল উদ্দেশ্য ছিল, ক্রমবর্ধমান যাত্রীচাপ কীভাবে সামলানো হচ্ছে তা মাঠ পর্যায়ে মূল্যায়ন করা।

পরিদর্শনকালে শেখ হামদান দুবাই পুলিশের অপারেশনস সেন্টারও ঘুরে দেখেন। সেখানে কর্মকর্তারা তাকে স্মার্ট প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও ভ্রমণ ব্যবস্থাপনা সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য দেন, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যাত্রা আরও সহজ ও নিরাপদ করতে ব্যবহৃত হচ্ছে।

তিনি এমিরেটস এয়ারলাইনসের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের ৬৫টি দেশে ১২৩টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এবং বৈশ্বিক নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শন চলাকালে ক্রাউন প্রিন্সকে বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল, অপারেশনাল এলাকা ও নিরাপত্তা ইউনিট ঘুরে দেখতে দেখা যায়। এ সময় তিনি বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সফরের সময় উপস্থিত লোকজন দ্রুতই তার আগমন টের পান। বিভিন্ন তলা ও বারান্দা থেকে উৎসুক মানুষ ভিড় করেন এবং মোবাইল ফোনে দৃশ্য ধারণ করেন। এ সময় করতালি ও উৎসবমুখর পরিবেশেরও সৃষ্টি হয়।

পরিদর্শনকালে এমিরেটস এয়ারলাইন ও এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও সিইও শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুমও উপস্থিত ছিলেন। দুই নেতাকে সফরের এক পর্যায়ে হালকা ও বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় অংশ নিতে দেখা যায়, যা উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।

দুবাই কর্তৃপক্ষের মতে, এই ধরনের পরিদর্শন বিমানবন্দরের সেবার মান আরও উন্নত করতে এবং ভবিষ্যতের যাত্রী চাহিদা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।