
আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে দেশটি।
ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালিটি দিয়ে চলাচল করতে হলে প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্ধারিত প্রটোকল মেনে চলতে হবে। একই সঙ্গে যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় জাহাজ চলাচল ফিরতে আরও সময় লাগবে বলেও সতর্ক করেছে তেহরান।
পাকিস্তান-এর রাজধানী ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্র-এর সম্ভাব্য বৈঠকের আগে রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে দিনে ১৫টিরও কম জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হচ্ছে। সব ধরনের জাহাজ চলাচল ইরানের অনুমতি ও কঠোর শর্ত সাপেক্ষে পরিচালিত হচ্ছে।
নতুন এই ব্যবস্থাপনা তদারকি করছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তাদের তত্ত্বাবধানে জারি করা বিধিমালা অনুযায়ী প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে।
ইরান আরও জানিয়েছে, নিকট ভবিষ্যতে এই জলপথে জাহাজ চলাচল যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এর ওপর বৈশ্বিক জ্বালানি সরবরাহ অনেকটাই নির্ভরশীল।
