ইন্দুরকানীতে সরকারি ভীম বিক্রির অভিযোগে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি পুলের ভীম (বালি) বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি ভীম মোড়েলগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ভ্যানসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যান ও ভীমসহ দুজনকে থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন— মোড়েলগঞ্জের ভাঙারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও ভ্যানচালক মো. সাজু।

আতিয়ার শেখ দাবি করেন, চেয়ারম্যানের চাচাতো ভাই সোহেল হাওলাদারের মাধ্যমে কেজিপ্রতি ৩৬ টাকায় ভীম কিনেছেন এবং বিকাশে ২ হাজার টাকা পরিশোধ করেছেন। তবে সোহেল হাওলাদার বিষয়টি অস্বীকার করেছেন।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর বলেন, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে।