আগের নিয়মেই সাংবাদিকদের কার্ড দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা
প্রকাশ: ৬ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে আবেদন প্রক্রিয়া বাতিল করে সাংবাদিকদের সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহের সুযোগ দেওয়া হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে আগের নিয়মই অনুসরণ করা হবে। যারা অনলাইনে আবেদন করেছেন, তাঁরা করেছেন। তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাঁদের আর তা করার প্রয়োজন নেই। সাংবাদিকেরা সরাসরি নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।

ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া কেমন হবে—এ বিষয়ে জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় নির্বাচন কমিশন। তবে এই প্রক্রিয়া জটিল হওয়ায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ পরিস্থিতিতে সাংবাদিক নেতারা আগামী রবিবারের মধ্যে কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন। এরপর অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।