
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোকেই বেছে নেবে। তাঁর দাবি, দেশের মানুষ ইসলামের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও ইসলামের পক্ষে থাকবে।
শুক্রবার দুপুরে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অছিমউদ্দিন ক্বারি বাড়ি মাদ্রাসা মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি।
রেজাউল করিম বলেন, ‘শান্তিপ্রিয় মানুষ আর চাঁদাবাজ–সন্ত্রাসীদের ভোট দেবে না। তারা ইসলামের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। নির্বাচনে ইসলামী দলগুলোকে সুযোগ দিলে দেশ পরিচালনায় স্থিতিশীলতা আসবে।’
বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্রশিবির নেতারা সাম্প্রতিক সময়ে নির্বাচনে বিজয় পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা মেধাবী হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে রায় দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের বিজয় শুরু হয়েছে। আগামী দিনে বাংলাদেশেও ইসলামের বিজয় হবে। তখন দেশ আল্লাহর আইন অনুযায়ী চলবে, অন্যায়–সন্ত্রাস কমে যাবে এবং মানুষ শান্তিতে থাকবে।’
জনসভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
