
নোয়াখালী প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক বিক্রয় সহকারী খালেদ সাইফউল্লাহ টিপুকে ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি খালেদ সাইফউল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত খালেদ সাইফউল্লাহ ফেনীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের মৃত আবুল হোসেন কানুনগোর ছেলে। তিনি বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের কুমিল্লার গৌরীপুর শাখায় বিক্রয় সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
মামলার নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২৭(১) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত তার জ্ঞাত আয়বহির্ভূত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০০ সালের ২৩ নভেম্বর থেকে ২০০৪ সালের ১৪ জুলাই পর্যন্ত সময়ে বাখরাবাদ গ্যাসের বিক্রয় সহকারী থাকাকালীন খালেদ সাইফউল্লাহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলেন। এ সময় তিনি ১৫ লাখ ৫৮ হাজার ৭১৮ টাকায় ৫১৯ দশমিক ৩৭ শতক জমি ক্রয় করেন। এছাড়া একটি পাঁচতলা ভবন ও একটি মার্কেট নির্মাণে তিনি অস্বাভাবিক ব্যয় করেন। দুদকের তদন্তে উঠে আসে, ভবন ও মার্কেট নির্মাণে তিনি আয়বহির্ভূত ৩৮ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকা ৯৪ পয়সা ব্যয় করেছেন, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।
মামলাটি তদন্ত করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. মশিউর রহমান। আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন। তাকে সহযোগিতা করেন দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিছ।
