
নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) হস্তক্ষেপে অবসান ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের। গত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি।
একই সঙ্গে বোর্ডের নতুন দায়িত্বে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
পর্ষদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই বিসিবি কার্যালয় ত্যাগ করেন বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব হারানোর পর গণমাধ্যমকর্মীরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে সাংবাদিকদের এড়িয়ে দ্রুত গাড়িতে করে বিসিবি প্রাঙ্গণ ছাড়েন।
এনএসসির ঘোষণায় বলা হয়েছে, তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির সভাপতি হিসেবে আছেন তামিম ইকবাল। সদস্য হিসেবে রয়েছেন— মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজীল চৌধুরী, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রুশনা ইমাম।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে প্রতিবেদনে।
