লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই মিছিল’ ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি ‘অদম্য জুলাই মিছিল’ বের করা হয়। মিছিলটি রায়পুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।’

উপজেলা ছাত্রশিবিরের আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আরমান হোসাইন, রায়পুর শহর সভাপতি সাকিবুল হাসান এবং রায়পুর সরকারি কলেজ শাখার সভাপতি ফারহান হোসেন নাঈম।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ভূমিকা রাখতে হবে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দৃশ্যমান বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

মিছিলে রায়পুর উপজেলা শহর, কলেজ শাখা, উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম অঞ্চলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক ছাত্রশিবির নেতাকর্মী অংশ নেন।