
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও মৌলিক সেবা নিশ্চিত করাকে ইশতেহারের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী লিখিতভাবে ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে ১৭ দফায় মোট ৬২টি পয়েন্টে এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ভুলুয়া নদী খননের বিষয়ে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে রামগতি ও কমলনগর উপজেলার বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে—এই বাস্তবতাকে সামনে রেখে পরিকল্পনাগুলো তুলে ধরা হয়।
ইশতেহারে আরও উল্লেখ করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করা, স্থানীয় জনগণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সরবরাহ ও ফায়ার সার্ভিসের সমস্যার সমাধান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সমাজ সংস্কার এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো।
নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা, কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদার, মৌলিক সেবা সহজপ্রাপ্য করা, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ও সড়ক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও বাজার ব্যবস্থার সংস্কারকেও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ক্রীড়া উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে রামগতি ও কমলনগর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে। তারা স্থানীয় জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, সদস্য সচিব মাওলানা হুমায়ুন কবির, সাবেক কমলনগর উপজেলা আমীর ডা. নুর উদ্দিন মাহমুদ, কমলনগর উপজেলা আমীর আবুল খায়ের, রামগতি পৌরসভা আমীর মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা আমীর মাওলানা আব্দুর রহিমসহ জামায়াত ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
