ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ ঘন্টা আগে

গিয়াস রনি : নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আপন চাচী জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নারী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ। এর আগে, গত মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত মো. জুয়েল (২৮) ওই বাড়ির কামাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমান প্রবাসী ছিলেন এবং প্রায় এক মাস আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালীন পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য তিনি চাচী জেসমিনের মুঠোফোন ব্যবহার করতেন। এর সুবাদে দুজনের মধ্যে একটি অনৈতিক ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফেরার পর জুয়েলের অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু হলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

ঘটনার রাতে জুয়েল চাচীর ঘরে প্রবেশ করলে পূর্বপরিকল্পিতভাবে জেসমিন ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন জুয়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জেসমিন আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হলেও এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।