লক্ষ্মীপুরে আসছে ‘ইত্যাদি’: দালাল বাজার মাঠে ধারণের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর একটি বিশেষ পর্ব ধারণের জন্য লক্ষ্মীপুরকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সফল করতে ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানটি ধারণের জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহাসিক দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠকে নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ধারণ কার্যক্রম চলবে।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জেলা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট আবেদন জানিয়েছে। এর অংশ হিসেবে দর্শক নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকাল থেকে মাঠ প্রস্তুত ও মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। দর্শকদের বসার ব্যবস্থা এবং অবকাঠামোগত প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

দীর্ঘদিন ধরে ‘ইত্যাদি’ দেশের বিভিন্ন প্রান্তের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং লোকজ জীবনকে নান্দনিকভাবে পর্দায় তুলে ধরছে। এবার লক্ষ্মীপুরকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া এই বিশেষ পর্বের মাধ্যমে জেলার ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় সংস্কৃতিকর্মীরা বলছেন, জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মীপুরের পর্যটন সম্ভাবনা ও ইতিহাস নতুন প্রজন্মের সামনে ব্যাপকভাবে উঠে আসবে, যা জেলার জন্য একটি বড় প্রাপ্তি।