
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় ৮২০ জন কৃষকের মধ্যে ৪ হাজার ১০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) উপজেলা মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন, ‘একটি গাছ একটি পরিবারের নিরাপত্তা, সুস্থতা ও পরিবেশের প্রতীক। বর্ষা মৌসুমের এই উদ্যোগ সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে চারা রোপণ ও পরিচর্যা করতে হবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, বৃক্ষরোপণ কৃষিকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। আর অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. জামাল উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি পরিবারের আঙিনায় অন্তত কয়েকটি গাছ থাকা প্রয়োজন।
চারা পাওয়া কৃষক নুর ইসলাম বলেন, ‘সরকারের দেওয়া এই চারাগুলো শুধু গাছ নয়, আমাদের পরিবারের ভবিষ্যতের সম্পদ। যত্ন করে এগুলো বড় করব। এতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশও রক্ষা হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র বলেন, এই কর্মসূচি কৃষকের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ‘সবুজ সাতক্ষীরা’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা।
