
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক আহ্বায়ক এনবিএস রাসেল। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কারা নির্যাতিত ছাত্রনেতা ও নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কর্মীবান্ধব নেতা আনোয়ার হোসেন রকি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।
নবগঠিত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
কমিটি ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনে করছেন, দীর্ঘদিন পর গঠিত এই কমিটি জেলা ছাত্রদলের ইউনিটগুলো পুনর্গঠন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন তারা।
নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, “বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”
সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছি এবং তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করাই হবে আমাদের অগ্রাধিকার।”
নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
