
নাজমুল হোসেন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। সব দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তড়িঘড়ি করে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষাকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করে দ্রুত নিয়োগ কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা শিগগিরই নিয়োগ পাবেন বলেও তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থী-বান্ধব করতে কাজ করছে। শিক্ষার্থীদের স্কুলমুখী করা ও ঝরে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে, যাতে তারা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
