লক্ষ্মীপুরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় নির্ধারণে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লক্ষ্মীপুর জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি অধ্যাপক জেড এম ফারুকি।

সভায় বক্তারা নগরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সঠিকভাবে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তির পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দিন বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌরসভার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

সভায় সনাকের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।