
নিজস্ব প্রতিবেদক : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ২১ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় প্রার্থনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলায় বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকে রোববার কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর আসামি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী অসুস্থ থাকায় তাঁকে আদালতে আনা হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুর জেলা-এ ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালান। এতে গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন।
নিহতদের মধ্যে আল আসাদ আফনান শহরের মাদাম ব্রিজ এলাকায় এবং অপর চারজন তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
