
চাঁদপুর প্রতিনিধি : নিজের ব্যবহৃত মোবাইল ফোনে অসতর্কতাবশত একটি অ্যাপ ইনস্টল করে প্রতারক চক্রের হাতে প্রায় অর্ধলাখ টাকা খুইয়েছেন চাঁদপুরের প্রদ্যুৎ কুমার আচার্যী (৪৯) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি আইনি সহায়তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
প্রদ্যুৎ কুমার আচার্যী চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার মৃত অমূল্য চন্দ্র আচার্যী ও মায়া রানী আচার্যীর ছোট ছেলে। তিনি পেশায় জ্যোতিষশাস্ত্রের গবেষক এবং সনাতনী পুরোহিত।
ভুক্তভোগী জানান, মোবাইল ফোন ব্যবহার করার সময় অসতর্কতাবশত একটি অ্যাপ ইনস্টল করলে তাৎক্ষণিকভাবে তার ফোনটি হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। পরে টেকনিশিয়ানের মাধ্যমে ফোনটি সচল করার পর দেখা যায়, ফোনটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।
তিনি আরও জানান, এরপর প্রতারক চক্র তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৫০০ টাকা এবং মোবাইলে সংযুক্ত সোনালী ব্যাংকের অ্যাপ থেকে আরও ৩০ হাজার টাকা তুলে নেয়। পরবর্তীতে যেসব নম্বরে টাকা পাঠানো হয়েছে সেগুলোর তথ্য মোবাইলের মেসেজে পেয়ে তিনি থানায় জিডি করেন।
প্রদ্যুৎ কুমার আচার্যী বলেন, “৪ এপ্রিল জিডি করার পরও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সহায়তা পাইনি। আমি চরম হতাশায় আছি এবং আইনের সর্বোচ্চ সহায়তা চাই।”
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
