ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর হোসাইন রানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক | আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এর মধ্যে তরুণ সমাজসেবক ও কারা নির্যাতিত রাজনৈতিক কর্মী মো. জাহাঙ্গীর হোসাইন রানা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছেন।

জাহাঙ্গীর হোসাইন রানা জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হোসেন আলী মাস্টারের ছেলে। তিনি মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা এবং ঢাকা মহানগর উত্তর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের সাবেক পদে দায়িত্ব পালন করেছেন।

গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের জয়শ্রী বাজারে গণসংযোগ করেন জাহাঙ্গীর হোসাইন রানা। এর আগে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে নিয়মিত জনসংযোগ, কুশল বিনিময় ও উঠান বৈঠক করে আসছেন। এলাকাবাসীর ভাষ্যমতে, হাওরবেষ্টিত এই জনপদের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে জাহাঙ্গীর হোসাইন রানা সাধারণ মানুষের পাশে থেকে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

জানতে চাইলে জাহাঙ্গীর হোসাইন রানা বলেন, ‘আমি অবহেলিত জয়শ্রী ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার প্রসার এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই হবে আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সবার অংশগ্রহণে ইউনিয়নকে এগিয়ে নেব।’

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা তাঁর সাথে ছিলেন। স্থানীয় ভোটারদের অনেকের মতে, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে জাহাঙ্গীর হোসাইন রানার মতো একজন তরুণ ও পরীক্ষিত নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা।

উল্লেখ্য, ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয়শ্রী ইউনিয়নের প্রতিটি হাট-বাজার ও চায়ের আড্ডায় এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।