
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতি তাদের সদস্যদের মধ্যে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শনিবার বিকেলে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় সমিতির অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাসিক সভার মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধক্ষ্য আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আল আমিন এবং সমিতির অন্যান্য সদস্যরা।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল আতব চাউল, নুডুলস, তেল, চিনি, লাচ্ছা সেমাই, পাপড় ও বুন্দিয়া—মোট ৭ ধরনের খাদ্যপণ্য। সভাপতি ওবায়দুল হক সংবাদমাধ্যমকে বলেন, “ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি আনন্দের এবং খুশির দিন। সমিতির উদ্যোগে প্রথমবারের মতো এই সামগ্রী বিতরণ করা হলো, যা আমাদের সদস্যদের মধ্যে ঈদের আনন্দ আরও বৃদ্ধি করবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, এমন উদ্যোগ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করে।
সমিতি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তারা নিয়মিত এই ধরনের উদ্যোগের মাধ্যমে সদস্যদের সাথে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবেন।
