
মো.ওমর ফারুক, নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জমে উঠেছে ঈদের বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মার্কেট ও দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। পৌর শহরের গাজী মার্কেট, মিয়াজি মার্কেট, হাজী আকবর আলী সুপার মার্কেট, ডি হোসেন সুপার মার্কেট ও হায়দরগঞ্জ বাজারে সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট কেনাকাটা।
ব্যবসায়ীরা জানান, ১০ রমজানের পর থেকেই ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে। ২০ রোজার পর ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা। বাজারে নারীদের বিভিন্ন ডিজাইনের থ্রি-পিস, আনারকলি, লং কামিজ ও পুরুষদের পাঞ্জাবির চাহিদা বেশি। পোশাকের দাম ২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
শিশুদের পোশাক, জুতা ও প্রসাধনীর দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে ভারত ও চীনের তৈরি পোশাকের কারণে দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা।
অন্যদিকে নিম্ন আয়ের মানুষের কেনাকাটার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ফুটপাতের দোকানগুলো। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, ঈদকে সামনে রেখে বাজার এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
