
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের গলান (দর্জীবাড়ি) সংলগ্ন এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জিন্দা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও মোশারফ হোসেনের ছেলে মিহাত আকন্দ (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে নাম্বারবিহীন একটি আরটিআর মোটরসাইকেলে তিনজন আরোহী এশিয়ান হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ঢাকা মেট্রো ট ১৪-১১৮৬ নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নওশের ও মিহাতকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের এসআই (নিঃ) মাহমুদুল হাসান হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।
