
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে ছাত্রদল। সাধারণ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মাসব্যাপী এ কর্মসূচি চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার দুপুরে পৌর শহরের ট্রাফিক চত্বরে অস্থায়ী এ বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদল–এর আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্যসচিব আল নোমান রিপাত ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান।
দোকানে গিয়ে দেখা যায়, টমেটো কেজি ৩৫ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, লেবু ৩০ টাকা, আলু ২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও শসা ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। উদ্যোক্তারা জানান, খুচরা বাজারের তুলনায় প্রতিটি পণ্যে কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কম রাখা হয়েছে।
দেনায়েতপুর এলাকার ক্রেতা ফারুক মিজি বলেন, “উদ্যোগটি প্রশংসনীয়। বাজারের চেয়ে কম দামে সবজি কিনতে পেরে স্বস্তি পাচ্ছি। এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।”
উদ্যোক্তা ও ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বিপাকে আছেন। তাদের কষ্ট লাঘবে রমজানজুড়ে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
