
নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় সাইমন হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার ১ নম্বর ইউনিয়নের চর আবাবিল এলাকার ২ নম্বর ওয়ার্ডের আসকল সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন একই এলাকার জামাল সরদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের সড়কে অবস্থানকালে একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশ পিকআপটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে।
