
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দেনায়েতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি মো. জসিম (৩২)। তিনি রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত সিরাজ বেপারী ও মাতা শাহানুর বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল দক্ষিণ দেনায়েতপুর এলাকায় কাশেম মিয়ার বাড়ির উত্তর পাশে বাউন্ডারি দেয়ালসংলগ্ন পন্ডিতের কলাবাগানে অভিযান চালায়। সেখানে অবস্থানকালে জসিমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
