কালীগঞ্জে ফজলুল হক মিলন: একুশের চেতনা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
মো. আলমগীর মোল্লা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আয়োজিত আলোচনা সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, ‘নিঃসন্দেহে একুশের চেতনা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। আমাদের স্বাধীনতাযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সর্বশেষ জুলাই বিপ্লব—সবকিছুর মূল উৎস একুশের অবিনাশী চেতনা।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

এর আগে দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং কালীগঞ্জ প্রেস ক্লাব–এর সদস্যসহ সর্বস্তরের মানুষ।

আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ফজলুল হক মিলন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস। তিনি বলেন, ‘একুশের চেতনা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগ্রত করবে। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা আমাদের আত্মপরিচয় খুঁজে পেয়েছি।’

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম এবং পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা।

দিবসটি উপলক্ষে কালীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।