
এস. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান বলেছেন, তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত—টেকনাফ থেকে তেঁতুলিয়া—সারা দেশে ইনসাফের পক্ষে একটি বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৫৪ বছরের শাসন, হত্যা ও অপশাসন দেখে মানুষ আজ ক্লান্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আর জুলুম, দুর্নীতি ও বৈষম্যের রাজনীতি চায় না। তারা ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, জনগণ বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে। এ কারণে দেশের প্রতিটি প্রান্তে পরিবর্তনের দাবি জোরালো হয়ে উঠেছে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতিতে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ ছাড়া বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
জনসভা শেষে ড. শফিকুর রহমান দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
