
রংপুর বিভাগে ৪৭৫০ কেন্দ্রে দায়িত্বে ৬১ হাজার ৭৫০ সদস্য
আলামীন, রংপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)।
বৃহস্পতিবার সকালে তিনি বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটগ্রহণ কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন সরেজমিনে তদারকি করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম এবং রংপুর সদর উপজেলার আনসার-ভিডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে রংপুর বিভাগের ৪৭৫০টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটগ্রহণে সহায়তার জন্য দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপির ৬১ হাজার ৭৫০ জন সদস্য। পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের ১২৮টি স্ট্রাইকিং টিমের ১০২৪ জন সদস্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন।
পরিদর্শনকালে উপমহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন বলে জানা গেছে। তিনি ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা আনসার সূত্র জানায়, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন আনসার-ভিডিপির সদস্যরা। কেন্দ্রের প্রবেশপথ, নারী ভোটারদের সারি ও ভোটকক্ষের শৃঙ্খলা রক্ষায় তাঁদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
