বরিশালে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

বরিশাল প্রতিনিধি :

বরিশালে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে নগরীর রুপাতলীতে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ে পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার। এ সময় প্রধান অতিথি বলেন সমগ্র বিশ্বে ও বাক-প্রতিবন্ধি মানুষের মনের ভাব বিনিময়ের জন্য ইশারা ভাষাই একমাত্র ভাষা। সরকার ২০১১ সালে সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় ৭ ফেব্রুয়ারী বাংলা ইশারা ভাষা দিবসের উদযাপনের নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে প্রতি বছর এই দিনে পালন করে আসছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সমাজসেবা অধিদফতরের পক্ষ হতে আর্থিক সহায়তা হিসেবে শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।