
পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মানুষের সম্পদে ভাগ বসিয়ে চাঁদাবাজি করে, তাদের লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ। তিনি বলেন, এই জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ—এটাই আমাদের স্লোগান। আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ইনশাআল্লাহ আমরা একটি ইনসাফভিত্তিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। তিনি বলেন, সামনে দুটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে, যার একটি গণভোট। ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামি। প্রথম ভোটটি হবে ১২ তারিখ। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ‘হ্যাঁ’ বিজয়ী হবে।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ১৩ তারিখ এই দেশ যেন একটি নতুন দেশ পায়। ১৩ তারিখের ভোরের সূর্য যেন মুক্তির বার্তা বয়ে আনে। এ দেশে আর কোনো গোলামি ও আধিপত্য চলবে না। আগামীতে হবে জনগণের সরকার।
উপস্থিত জনতাকে সাক্ষী রেখে জামায়াতে ইসলামীর আমীর বলেন, যেদিন সেই বিজয় অর্জিত হবে, সেদিন সবাই মুক্তির স্বাদ পাবে।
জনসভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ। সভায় আরও বক্তব্য দেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী এবং বরগুনা-২ (বেতাগী–বামনা ও পাথরঘাটা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহম্মেদ।
এ সময় জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ১১ দলীয় ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন। জনসভায় বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান পিরোজপুর-১ ও ২ আসনের প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে প্রতীক দাড়িপাল্লা, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী শামীম হামিদীর হাতে শাপলা কলি এবং পাশ্ববর্তী বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহম্মেদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন।
