লক্ষ্মীপুরের চার আসনের ২৯ প্রার্থী পেলেন নির্বাচনী প্রতীক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুরের চারটি আসনের ২৯ জন প্রার্থী আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী প্রতীক পেয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে মো. শাহাদাত হোসেন সেলিম পেয়েছেন ধানের শীষ, ১০ দলীয় জোটের এনসিপি প্রার্থী মাহবুবুল আলম পেয়েছেন শাপলা কলি, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পেয়েছেন হাত পাখা, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন লাঙ্গল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মো. আলমগীর হোসেন পেয়েছেন সিংহ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম পেয়েছেন ট্রাক এবং বাসদ এর মো. বিল্লাল হোসেন পেয়েছেন মই।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে প্রতীক পেয়েছেন ৭ জন। বিএনপির আবুল খায়ের ভূঁইয়া পেয়েছেন ধানের শীষ, জামায়াতের এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন দাঁড়িপাল্লা, গণঅধিকার পরিষদের আবুল বাশার পেয়েছেন ট্রাক, নাগরিক ঐক্যের মো. রেজাউল করিম পেয়েছেন কেটলি, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. ইব্রাহীম মিয়া পেয়েছেন এক তারা, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া পেয়েছেন হাত ঘড়ি, ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন পেয়েছেন হাত পাখা।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন ধানের শীষ, জামায়াতের মো. রেজাউল করিম পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহীম পেয়েছেন হাত পাখা, জাতীয় পার্টির এ কে এম মহি উদ্দিন পেয়েছেন লাঙ্গল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. সামছুদ্দিন পেয়েছেন ছাতা, এবং ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ পেয়েছেন আম প্রতীক।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে প্রতীক পেয়েছেন ৯ জন প্রার্থী। বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজান পেয়েছেন ধানের শীষ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর তানিয়া রব পেয়েছেন তারা, জামায়াতে ইসলামীর এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ পেয়েছেন হাত পাখা, বাসদ এর মিলন কৃষ্ণ মন্ডল পেয়েছেন মই, গণঅধিকার পরিষদের মো. রেদওয়ান উল্যাহ পেয়েছেন ট্রাক, স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল, শরাফ উদ্দিন আজাদ পেয়েছেন কাপ পিরিচ এবং আনম মঞ্জুর মোরশেদ পেয়েছেন ফুটবল প্রতীক।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস. এম. মেহেদী হাসান বলেন, “সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করি, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।”

লক্ষ্মীপুরের নির্বাচনী পর্যবেক্ষকরা জানিয়েছেন, প্রতীক বরাদ্দের এই অনুষ্ঠান প্রার্থীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি করেছে। এরপর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।