লক্ষ্মীপুরের পুকুরে মিলল ৮টি ইলিশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় পুকুরে ধরা পড়েছে ইলিশ। জাল ফেলতেই উঠে এলো ৮টি জাটকা ইলিশ মাছ। প্রতিটি ইলিশ ৬-৮ ইঞ্চি আকারের। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। একেকটি ইলিশের ওজন প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম। এসব ইলিশ নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে লাইভ দেওয়া হয়।

গত বুধবার দুপুরের দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে ৮টি জাটকা ইলিশ উঠে আসে। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন।

গত বর্ষা মৌসুমে মেঘনার অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হয়। ধারণা করা হচ্ছে পুকুরটি নদীর কাছে হওয়ায় জোয়ারের সময় পুকুরটিতে ইলিশের পোনা ঢুকে পড়ে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে।

মাকসুদুর রহমান মানিক জানান, ইলিশগুলো রান্না করে খাওয়া হয়েছে। পুকুরে আরও জাটকা থাকতে পারে বলে মনে করছেন পুকুর মালিক।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি। নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়। তখন ওই পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এছাড়া অন্য কোনোভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না।