
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের বামনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বিপ্লব দাস (৪৫)। তিনি একই এলাকার মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে।
নিহতের বড় ভাই জানান, বিপ্লব দাস এলাকায় পান বিক্রি ও কৃষিকাজ করতেন। তিনি কারও সঙ্গে ঝামেলায় জড়াতেন না। তবে বৃহস্পতিবার রাত আটটার পর থেকে তিনি বাড়ি ফেরেননি।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে বিপ্লব দাসের ভাতিজা বাঁশ কাটতে গিয়ে বাগানের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে চিৎকার করলে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন।
পরিবার সূত্রে জানা যায়, বিপ্লব দাস অবিবাহিত ছিলেন। জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার এক জেঠাতো ভাইয়ের সঙ্গে বিরোধ চলছিল। পরিবারের সদস্যদের দাবি, ওই বিরোধের জেরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এটি হত্যা না আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
