সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে রহমত আলী (৪৩), ফয়েজ আলীর ছেলে আশিকুজ্জামান (২৫) এবং জিহাদ আলীর ছেলে ইমদাদুল ইসলাম (২৭)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান জানান, নেহালপুর এলাকার হাজীখালী গেট থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী ঘটনাস্থলে প্রতিনিধি পাঠান। এ সময় অভিযুক্তরা ওই প্রতিনিধিকে হুমকি দেন।

ওসি জানান, পরে বিষয়টি ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িকে জানানো হলে বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মাটি বোঝাই ট্রলিসহ কেসমত আলী নামে একজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। এ খবর পেয়ে অন্য অভিযুক্তরা দলবদ্ধভাবে ফাঁড়িতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায়, ভাঙচুর করে এবং আটক ব্যক্তি ও ট্রলিটি ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর আগে হামলায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান আহত হন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়েছে।