
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে অফিস ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের প্রথম ব্যাচে লক্ষ্মীপুর পৌরসভার ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন।
পৌর প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌর প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, পৌরসভা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। কাজ যদি সুশৃঙ্খল ও গোছানোভাবে করা যায়, তাহলে জনগণকে সেবা দেওয়া অনেক সহজ হয়। এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে এবং এর সুফল হিসেবে নাগরিকেরা আরও উন্নত সেবা পাবেন।
