
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে ১১–দলীয় জোট। শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় সমাবেশের পর এ মিছিল বের করা হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাপনী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাঁরা বলেন, ‘সংসদে বিল পাস করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে সরকারবিরোধী লাগাতার কর্মসূচি দেওয়া হবে।’
বক্তারা আরও বলেন, ‘জনগণের সঙ্গে আর তামাশা করবেন না। দাবি মানা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে।’ তাঁরা দ্রুততম সময়ের মধ্যে গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি গোলাম মোস্তফা, এনসিপির জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্যসচিব আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, জেলা বিডিপির সভাপতি খালেদ সাইফুল্লাহসহ ১১–দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ ও মিছিল ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
