সাতক্ষীরায় ১ হাজার ৯৫ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্য করে তোলার লক্ষ্যে ইতিমধ্যে মাঠগুলোর বর্তমান অবস্থা যাচাই ও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনেক বিদ্যালয়ের খেলার মাঠ দখল, অযত্ন কিংবা সংস্কারের অভাবে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা ব্যাহত হচ্ছিল। এই সংকট দূর করতে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনার আওতায় প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত শরীরচর্চা ও সহশিক্ষা (কো-কারিকুলার) কার্যক্রম জোরদার করা হবে। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার নির্ধারিত সময়ে খেলাধুলা ও শারীরিক অনুশীলন বাধ্যতামূলক করার চিন্তা রয়েছে। একই সঙ্গে স্থানীয় কমিউনিটির সহায়তায় মাঠগুলোর ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, খেলার মাঠগুলো সচল হলে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় কিশোর ও যুবসমাজও উপকৃত হবে। মাঠকেন্দ্রিক খেলাধুলা তাদের মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

শিক্ষাবিদেরা বলছেন, সহশিক্ষা কার্যক্রমের অভাবে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দক্ষতা ঠিকভাবে বিকশিত হয় না। অতিরিক্ত পড়াশোনার চাপের কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপ ও একঘেয়েমিতে ভোগে। নিয়মিত খেলাধুলা এসব সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেক বিদ্যালয়ের মাঠ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা মাঠগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। দ্রুত একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগুলো পুনরুদ্ধার করা হবে।’