জুড়ীতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

মৌলভীবাজার, জুড়ী প্রতিনিধি:  মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হারারগজ সংরক্ষিত বনের একটি ছড়া থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে জুড়ী থানাধীন ০৭নং ফুলতলা ইউনিয়নের রাগনা বন বিটের হারারগজ সংরক্ষিত বনের ময়নাছড়া নামক স্থানে বন বিভাগের কর্মচারীরা ছড়ার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি জুড়ী থানাকে জানান।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ও তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে।

জুড়ী থানার এসআই (নিঃ) উস্তার আলী ইমন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে আইনগত কার্যক্রম পরিচালনা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।