নোয়াখালীর ৬ আসনে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫ জনের বাতিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নোয়াখালী, প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নোয়াখালীর ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি এবং নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, “নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে মোট ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের সমর্থক তালিকা ও অন্যান্য তথ্যের অসঙ্গতি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ঋণ খেলাপির দায়ে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।”