অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ, রামগতিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : অবৈধ ইটভাটার জন্য কৃষিজমির টপসয়েল বহনে ব্যবহৃত মাটি বহনকারী ট্রলি (বলিট্রাক) চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরমেহার গ্রামে ‘সচেতন মালন মিয়া সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আবদুর রব দুলাল, সেলিম মুহুরি, সাইফুল ডুবাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় শত শত নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, গত তিন মাস ধরে উপজেলার চরমেহার এলাকায় অবস্থিত ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার জন্য প্রতিদিন ১০ থেকে ১২টি ট্রলিতে করে কৃষিজমি থেকে মাটি আনা-নেওয়া হচ্ছে। এতে মকবুল আহমদ সড়কসহ তিনটি গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এসব সড়ক দিয়ে মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত ধুলাবালির কারণে জনজীবনেও চরম দুর্ভোগ নেমে এসেছে।

এলাকাবাসী জানান, পরিস্থিতি থেকে রক্ষা পেতে শুক্রবার জুমার নামাজের পর তাঁরা সড়কে গাছের খুঁটি স্থাপন করে মাটি বহনকারী ট্রলির চলাচল বন্ধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইটভাটার মালিক আবদুল মালেক, তাঁর দুই ছেলে আতিক ও আজিজের নেতৃত্বে কয়েকজন শ্রমিক গ্রামবাসীর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

হামলায় কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয় এবং নারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বাদল, ফিরন, আপন, সুলতানা বেগম, জরিনা বেগম ও জিসান।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে মেসার্স হাওলাদার ব্রিকসের স্বত্বাধিকারী আবদুল মালেকের ছেলে আতিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাস্তায় গাছের খুঁটি বসানো হয়েছিল। আমরা সেগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করতে গিয়েছিলাম। হামলার কোনো ঘটনা ঘটেনি। এলাকাবাসীর সমস্যার কথা বিবেচনা করে দুটি ইটভাটার মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে।’