
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক ; লক্ষ্মীপুরের সদর উপজেলায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বেলজিয়াম সুমনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
যৌথ বাহিনীর সদস্যরা অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি রাইফেলের গুলি, একটি পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি দেশীয় অস্ত্র, একটি রাউটার, একটি চাকু ও একটি হাতুড়ি উদ্ধার করেন।
গ্রেপ্তার ব্যক্তি মো. সুমন ওরফে বেলজিয়াম সুমন (৪২)। তিনি চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজ।
পরে উদ্ধার করা আলামতসহ তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
