সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তথ্যের স্বচ্ছতার ওপর জোর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

পিরোজপুরে সুজনের গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি, ভুয়া তথ্য প্রতিরোধ এবং নারী–তরুণসহ সব শ্রেণির নাগরিককে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন পিরোজপুরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক—সুজন জেলা কমিটির আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব মত উঠে আসে।

বৈঠকে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করতে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা নিতে হবে। তাঁরা মনে করেন, ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। তাই ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা একসঙ্গে নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। বৈঠকে সভাপতিত্ব করেন সুজন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ

আলোচনায় অংশ নেন সুজনের সাবেক জেলা সভাপতি, শিক্ষাবিদ প্রফেসর সেখ সাইদুর রহমান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, আফতাব উদ্দিন কলেজের গভর্নিং বডির সভাপতি সাইদুল ইসলাম কিসমত, গ্রীন ফোর্স জেলা সভাপতি মইনুল আহসান মুন্না, ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, সাংবাদিক জহিরুল হক টিটু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদজিয়াউল হক। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষাবিদ, তরুণ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ৮০ জন অংশগ্রহণকারী আলোচনায় উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে সুজন নেতারা বলেন, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়; বরং সমাজের সব অংশের সক্রিয় ভূমিকা জরুরি। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তাঁরা সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।