
নিজস্ব প্রতিবেদক, রংপুর : প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রতি রক্ষা মঞ্চ’। আজ মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও অভিভাবকেরা। তাঁরা সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে আলাদা শিক্ষক না থাকলে প্রাথমিক শিক্ষার গুণগত মান ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। তাঁদের গান ও স্লোগানে উঠে আসে— “শিক্ষা নয় বাণিজ্য, চাই মানবিক বাংলাদেশ” “সংগীত–শারীরিক শিক্ষা বাচ্চাদের মৌলিক অধিকার”
আয়োজকেরা বলেন, শিশুদের সামগ্রিক বিকাশের স্বার্থে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। সরকারের কাছে তাঁরা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জোর দাবি জানান।
রক্ষা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
