
চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) : চন্দ্রগঞ্জ থানার জামায়াতে ইসলামীর নেতারা, ডক্টর রেজাউল করিমের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন। জামায়াতের স্থানীয় নেতা মাওলানা নূর মোহাম্মদ রাসেল এবং সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘‘এ ধরনের অপকর্ম রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী।’’
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নির্বাচনী প্রচারণায় পোস্টার, ব্যানার এবং ফেস্টুন ব্যবহার রাজনৈতিক ঐতিহ্য। কিন্তু সম্প্রতি একটি দল বা গোষ্ঠী চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নে ডক্টর রেজাউল করিমের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে। এটি সুস্থ রাজনীতির পরিপন্থী এবং ফ্যাসিবাদী আচরণ।’’
নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে দাবি করেছেন, ‘‘এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত, যাতে রাজনৈতিক পরিবেশের অবনতি না ঘটে।’’
পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত নেতারা আরও বলেন, ‘‘এ ধরনের হীন তৎপরতা নির্বাচনী প্রচারণার অংশ নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে চায়।’’ তারা দাবি করেন, ‘‘রাজনৈতিক নেতৃত্বের উচিত, সুস্থ ও ইতিবাচক রাজনীতির পথে ফিরে আসা এবং নির্বাচনী প্রচারণায় পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকা।’’
এই ঘটনার পর, স্থানীয় জনগণও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, ‘‘রাজনৈতিক পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে, আমরা চাই পরিস্থিতি যেন শান্ত হয়।’’
এদিকে, চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
