
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরের দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। আর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
প্রার্থী ঘোষণার পর রাতেই জেলা শহরে আনন্দ মিছিল করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন।
তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই এসব আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে প্রার্থী ঘোষণার আগে থেকেই সংশ্লিষ্ট আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়ে যায়। স্থানীয় রাজনীতিতে এখন সেই আলোচনাই প্রধান বিষয় হয়ে উঠেছে।
